মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ১৩ই মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান।

সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো নিষ্ঠুর ছিল এবং দেশটিকে কার্যত পঙ্গু করে দিয়েছে। এখন সময় এসেছে সিরিয়ার জেগে ওঠার।’ তিনি এই পদক্ষেপকে ‘সিরিয়ার জনগণের পুনরুত্থান নিশ্চিত করার একটি বড় সুযোগ’ বলে মন্তব্য করেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে আয়োজিত ওই ফোরামে ট্রাম্প আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খুব শিগগিরই তুরস্কে সিরিয়ার প্রতিনিধি আসাদ আশ শায়বানির সঙ্গে বৈঠক করবেন। এটি নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগের দিন এক প্রেস বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারি, কারণ আমরা চাই তারা নতুন করে যাত্রা শুরু করুক। আমরা দেখতে চাই, তাদের আমরা কীভাবে সহায়তা করতে পারি।’

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসন বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এসব নিষেধাজ্ঞা দেশটির পুনর্গঠন ও জনগণের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আশ শায়বানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেন, ‘আসাদ সরকারের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারকে আমরা স্বাগত জানাই। এটি যুদ্ধপরবর্তী পুনর্গঠনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *