আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসনমন্ত্রী মৌলবি আব্দুল কবির নিশ্চিত করেছেন, পাকিস্তান থেকে আফগান নাগরিকদের জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়ে ইসলামি ইমারাত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আফগান প্রত্যাবাসনকারীদের জন্য মানবিক সহায়তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শরণার্থীদের জন্য বিশেষ আবাসন কেন্দ্র নির্মাণে এই দুই সংস্থার সক্রিয় সহযোগিতা চান।

আন্তর্জাতিক রেড ক্রস ও অভিবাসন সংস্থার প্রতিনিধিরা জানান, পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের প্রত্যাবাসনের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ, সুপেয় পানি এবং তাঁবু সরবরাহের কাজ শুরু করেছেন। তারা জানান, মানবিক সহায়তা আরও বাড়ানোর জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে শরণার্থী সংকট মোকাবেলায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলবি আব্দুস সালাম হানাফি নানা দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সব কমিটিকে শরণার্থীদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *