আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে এই সপ্তাহের শেষেই সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সোমবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমি বিভিন্ন সংবাদমাধ্যমে আমার অবস্থান পরিষ্কার করেছি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনুমানের ভিত্তিতে খবর প্রকাশ করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী-নাগরিক কমিটি, তারা অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা বলেছে। আমার সে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে সেটা হলে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই করবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘এ সপ্তাহের শেষেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।’ তবে তিনি পরিষ্কার করেননি, নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তার ভূমিকা কী হবে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ, সদস্য সচিব কে হবেন, তা নিয়ে দলের নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

নতুন রাজনৈতিক দল গঠন হলে তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে নাহিদ ইসলামের অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *