উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ভারতের ধামরা বন্দর থেকে আসা পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’ জাহাজ ৭ হাজার ৭০০ টন চাল এনেছে। আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজে এসেছে ৮ হাজার ৭০০ টন চাল।

গতকাল শনিবার রাতে জাহাজ দুটি মোংলা বন্দরে ভিড়ে। পরে রোববার মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, দাপ্তরিক প্রক্রিয়া শেষে চাল খালাস শুরু হবে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান। রোববার এই চালের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে খালাস শুরু হবে।

এর আগে ২০ জানুয়ারি ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে ৫ হাজার ৭০০ টন চাল এসেছিল, যা এই দরপত্রের প্রথম চালান ছিল।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে মোট ৩ লাখ টন চাল আসবে। এর মধ্যে ৪০ শতাংশ খালাস করা হবে মোংলা বন্দরে, বাকিটা চট্টগ্রাম বন্দরে নামানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *