যুদ্ধবিরতির পর গত ৭২ ঘণ্টায় পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে গেছেন। গাজার মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আর রশিদ ও সালাহুদ্দীন সড়ক দিয়ে বিপুল সংখ্যক ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন। প্রায় ৪৭০ দিন ধরে বাস্তুচ্যুত থাকার পর তারা নিজেদের বাড়ির পথে রওনা হয়েছেন।

তবে উত্তর গাজায় ফিরে নতুন সংকটে পড়ছেন অনেকেই। পানি, খাদ্য, আশ্রয় ও স্যানিটেশনের সংকটে পড়ে অনেকেই আবার ফিরে যাচ্ছেন উপত্যকার কেন্দ্রস্থলে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় ৪২ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে অন্তত ১৫ বছর সময় লাগবে এবং এতে ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

এদিকে ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী, গাজায় ১ লাখ ৩৭ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট অবকাঠামোর অর্ধেকের বেশি। এর মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *