বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলতলী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আলী হোছেন (৩৫), মো. আরিফ উল্লাহ (৩০) ও দৌছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল (২৫)। স্থানীয়রা জানান, গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইনে পা দিয়ে এ বিস্ফোরণ ঘটে।

আলী হোছেনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে, আরিফের মুখে গুরুতর আঘাত লেগেছে এবং রাসেল শরীরে আঘাত পেয়েছেন। আহতদের নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দেখছে। তবে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *