যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে শুরু হয়েছে নতুন আগ্রাসন। এরই পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার ফুলটন স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে চার বাংলাদেশিকে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) জানায়, পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানানোয় সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে। এরপর থেকেই বাঙালি–অধ্যুষিত এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাস্তাঘাট ও রেস্তোরাঁ এড়িয়ে চলছেন।

এদিকে, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। এক দশকের বেশি সময় ধরে স্কুল, গির্জা ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে অভিযান পরিচালনায় যে নিষেধাজ্ঞা ছিল, তাও বাতিল করা হয়েছে। এতে এসব স্থানেও গ্রেপ্তার চালানোর পথ খুলে গেছে।

বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে অভিবাসীদের জন্য মারাত্মক বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এই নীতি অভিবাসী পরিবার ও শিশুদের মানসিক চাপ বাড়িয়ে তুলবে এবং তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *