ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় ব্যর্থতা ঘটলে পুনরায় সংঘর্ষ শুরুর হুমকি দিয়েছেন। আজ শুক্রবার ১৭ জানুয়ারি তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম।

সম্প্রতি কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিটি তিন ধাপে বাস্তবায়ন হবে, যার প্রতিটি ধাপের মেয়াদ ৪২ দিন।

প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়েই সামরিক অভিযান বন্ধ রাখবে। ইসরায়েলি সেনারা জনবসতিপূর্ণ অঞ্চল থেকে পিছু হটে সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেবে। পাশাপাশি, রাফাহ সীমান্ত খুলে দেওয়া হবে এবং প্রতিদিন ৬০০টি ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করবে।

এ পর্যায়ে ধাপে ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দি মুক্তি পাবে, যার বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু জানান, চুক্তির দ্বিতীয় ধাপে হামাস ইসরায়েলের দাবি মেনে না নিলে ইসরায়েল আবারও সংঘর্ষে যাবে। তিনি বলেন, ’আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন পেয়েছি। চুক্তি ব্যর্থতার ক্ষেত্রে আমরা পুনরায় পূর্ণমাত্রার সংঘর্ষে নামব।’

এদিকে চুক্তি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে ভিন্নমত তৈরি হয়েছে। অর্থমন্ত্রী বেটজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির চুক্তির বিরোধিতা করেছেন। এমনকি তারা সংঘর্ষ পুনরায় শুরু না হলে সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মন্ত্রিসভায় এই মতবিরোধ সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, চুক্তি বাস্তবায়নে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *