দখলদার ইসরায়েলে আজ মঙ্গলবার ভোরে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রের সতর্কতায় বোমা সাইরেন বাজলে নিরাপত্তার জন্য মাটির নিচের আশ্রয়ে ছুটতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়েছে অন্তত ১১ জন ইসরায়েলি নাগরিক। এছাড়াও আতঙ্কে আরও চারজন মানসিক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে এর আগেই সতর্কতামূলক সাইরেন বাজায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম কান জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পেয়ে মধ্য ইসরায়েল ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষজন দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। এতে অনেকেই আহত হন।

এর আগে গত সোমবার রাতেও ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তখনও জর্ডান উপত্যকা, মার্জ ইবনে আমের এবং পশ্চিম তীরের উত্তরে সতর্কতা জারি করা হয়। সেনাবাহিনীর দাবি, তখনও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েলি ও সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলা মূলত লোহিত সাগর থেকে চালানো হচ্ছে।

হুথিদের এ কর্মকাণ্ডের জবাবে ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা শুরু করে। এতে বহু হতাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা।

হুথি বিদ্রোহীরা পাল্টা হুমকি দিয়ে জানায়, তারা আমেরিকান ও ব্রিটিশ সব জাহাজকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। একই সাথে আরব সাগর ও ভারত মহাসাগরের জলসীমায় চলাচলকারী জাহাজেও হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *