দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পরামর্শক সংস্থা অ্যাকুওয়েদার।

সংস্থার প্রতিনিধি বিল ওয়াইডেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ‘আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন করেছি। ধারণা করা হচ্ছে, এর অর্থনৈতিক ক্ষতি ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।’

এর আগে সংস্থাটি এই ক্ষতির পরিমাণ ৫২ থেকে ৫৭ বিলিয়ন ডলার বলে ধারণা করেছিল।

অ্যাকুওয়েদারের এক মুখপাত্র জানান, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেও এই অঞ্চলে তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরা বর্তমানে অন্তত পাঁচটি বড় দাবানলের মোকাবিলা করছেন। এই দাবানলে এ পর্যন্ত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১,৯০০ ভবন ধ্বংস হয়েছে। দাবানল স্থানীয় বহু গুরুত্বপূর্ণ স্থাপনাকে হুমকির মুখে ফেলেছে।

দাবানলে পুড়ে গেছে প্রায় ২৮ হাজার একর জমি। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দাবানলের ফলে প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে পাসাদেনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন দপ্তরের ৩৯৫ জন কর্মী। তারা ২৯টি দলে বিভক্ত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

প্যাসিফিক প্যালিসেডস থেকে দাবানলের সূচনা
দাবানলটি প্রথম শুরু হয় মঙ্গলবার দুপুরে প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। তীব্র বাতাসের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করে।

স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, প্যাসিফিক প্যালিসেডসের দাবানলে ১৫ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। মালিবুর বিখ্যাত উপকূলীয় অঞ্চল কালো ধোঁয়ার চাদরে ঢেকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *