ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে গরু জবাইয়ের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিদ দিন (২৯)। সোমবার মধ্যরাতে তিনি মারা যান। এই ঘটনার পর মুসলিমপ্রধান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

মুরাদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কুমার রান বিজয় সিং জানান, নিহত শাহিদ দিনের মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর দাফনের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের অভিযোগ, শাহিদ দিন এবং তার তিন সঙ্গী মান্ডি সমিতি চৌকির কাছে একটি বাছুর গরু নিয়ে জবাইয়ের চেষ্টা করছিলেন। পরে স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীরা তাদের আটকের চেষ্টা করলে শাহিদ দিন ছাড়া অন্য তিনজন পালিয়ে যান। উত্তেজিত হিন্দুত্ববাদীরা শাহিদ দিনকে ধরে ফেলে।

অভিযোগ রয়েছে, হিন্দুত্ববাদীরা তাকে ঘিরে লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারধর করে। তাকে গালাগালও করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা শাহিদ দিন নড়াচড়া করতে পারছেন না।

পুলিশ জানায়, সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাস্থলে গরুর একটি মৃতদেহও দেখতে পান। গুরুতর আহত শাহিদ দিনকে মুরাদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে তিনি সেখানেই মারা যান।

শাহিদ দিন মুরাদাবাদের গাল সাহেদ থানার আওতাধীন আসালাতপুরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক দৃষ্টিতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *