৩১ ডিসেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে বলেছেন, ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে। শনিবার ২৮ ডিসেম্বর রাত ১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

পোস্টে আসিফ মাহমুদ আরও লিখেছেন, ঘোষণাপত্রের মধ্যদিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে। দেশের সব নাগরিকের মুক্তির সনদ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন পূর্ণতা পাবে ৩১ ডিসেম্বর।

কী ঘটতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?

৩১ ডিসেম্বর নিয়ে আলোচনার সূত্রপাত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের পোস্ট থেকে। এর মধ্যে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “Comrades, 31st DECEMBER! Now or Never.”

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে জানিয়েছেন, সেদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে “জুলাই প্রক্লেমেশন” ঘোষণা করা হবে। তবে এটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কি না, এ প্রশ্নে তিনি বলেন, না, এটি শুধু জুলাই প্রক্লেমেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩১ ডিসেম্বর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, “All eyes on 31st December, 2024. Now or Never!” জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের পোস্টও রহস্যের ঘনঘটা বাড়িয়েছে।

৩১ ডিসেম্বর আসন্ন পরিবর্তনের বার্তা দিচ্ছে, নাকি এটি নিছক রাজনৈতিক প্রচারণা—এই প্রশ্নে বিভক্ত মতামত বিশ্লেষকদের। কারও মতে, এটি একটি নতুন রাজনৈতিক মেরুকরণের সূচনা হতে পারে, আবার কেউ এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।

আপাতত সকলের নজর আগামী ৩১ ডিসেম্বর। সেদিনের “জুলাই প্রক্লেমেশন” কি রাজনৈতিক পরিবর্তনের সুর তুলবে, নাকি এটি থেকে উদ্ভব হবে নতুন কোনো আন্দোলনের? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *