টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হওয়া হত্যা মামলায় সাদপন্থী জিয়া বিন কাসিমকে দুদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ২৯শে ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার এজাহারে তার নাম ৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে। এ মামলায় আরও ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আলমে শুরাপন্থীদের পক্ষ থেকে দায়ের করা হয়।

রিমান্ড আবেদন শুনানিকালে আলমে শুরাপন্থীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। এদিকে তদন্তে টঙ্গী ময়দানে নৃশংস হামলার পেছনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়েছিল, তবে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *