আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। ডুরান্ড লাইনের উভয় পাশে সামরিক অভিযান ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি মর্টার হামলায় তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি সপ্তাহে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তোলো নিউজ জানিয়েছে, খোস্ত ও পাকতিয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভয়াবহ সংঘর্ষ চলছে।

আফগানিস্তানের সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব এলাকা আফগান ভূখণ্ডে হামলার পরিকল্পনার জন্য ব্যবহার করা হচ্ছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ওই হামলায় ছয়জন আহত হন। পাকিস্তানের এ হামলাকে ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে এর জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তালেবান সরকার।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *