মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ভারতীয় মুদ্রা রুপি। আজ বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর রুপির মান নেমে দাঁড়ায় ৮৫ দশমিক ০৬ রুপিতে, যা এই মুদ্রার ইতিহাসে সবচেয়ে বড় দরপতন।

বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা রুপির মানে ব্যাপক প্রভাব ফেলেছে।

রুপির এই দরপতনের পেছনে বেশ কিছু অর্থনৈতিক কারণ রয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং বাণিজ্য ঘাটতি বৃদ্ধির ফলে রুপির উপর এই চাপ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে একই সময়ে ভারতের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। গত তিন কার্যদিবসে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ৫০০ পয়েন্ট কমে যায়, যা শেয়ারবাজারে বড় ধসের ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের আগে এমন পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *