৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ফেসবুকের মাধ্যমে ফিলিস্তিনি গণমাধ্যমগুলোর ইন্টারঅ্যাকশন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, ফিলিস্তিনি গণমাধ্যমের ফেসবুক পেজগুলোর ইন্টারঅ্যাকশন প্রায় ৭৭ শতাংশ কমে গেছে।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিন টেলিভিশন, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ এবং ‘আল ওয়াতা‘ নিউজ চ্যানেল। গাজা থেকে সরাসরি তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ায় এই পেজগুলো সারা বিশ্বের মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে কাজ করে আসছিল। কিন্তু ফেসবুকের সীমাবদ্ধতার কারণে সেই তথ্য পৌঁছানো এখন কঠিন হয়ে গেছে।

ফিলিস্তিন টেলিভিশনের সাংবাদিকরা জানিয়েছেন, তাদের ৫.৮ মিলিয়ন অনুসারী থাকলেও, ৭ই অক্টোবরের পর তাদের পোস্ট দেখার সংখ্যা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে ইসরায়েলে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজগুলোতে ইন্টারঅ্যাকশন বেড়েছে। বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, ইয়েদিয়োথ অহরনোথ, ইসরায়েল হাইয়োম এবং চ্যানেল ১৩-এর মতো শীর্ষস্থানীয় ইসরায়েলি গণমাধ্যম পেজগুলোতে ইন্টারঅ্যাকশন ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা উপত্যকায় প্রায় ১ লাখ ৫২ হাজার ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে এবং খাদ্য সংকট ও অবরোধের কারণে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। এই পরিস্থিতি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফেসবুকের এমন পদক্ষেপ তথ্যপ্রবাহে বড় ধরনের বাধা সৃষ্টি করছে এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *