দীর্ঘ ১৩ বছর পর সিরিয়ার রাজধানী দামেশকে নিজেদের দূতাবাস পুনরায় চালু করতে যাচ্ছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামি মঙ্গলবার থেকে দূতাবাসের কার্যক্রম শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় কাতারের নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে খলিফা আবদুল্লাহ আল মাহমুদ আশ শরিফ দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে কাতার সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

কাতারের বিবৃতিতে জানানো হয়, দূতাবাস পুনরায় চালু করা সিরিয়ার জনগণের প্রতি কাতারের নীতিগত সমর্থনের প্রতীক। এটি তাদের জীবনমান উন্নয়ন, স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে কাতারের দৃঢ় অবস্থান তুলে ধরে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দূতাবাস পুনরায় চালুর মাধ্যমে সিরিয়ার সংকট মোকাবিলায় কাতারের মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হবে।

২০১১ সালে কাতারের আল জাজিরা চ্যানেলের প্রতিবেদনকে কেন্দ্র করে আসাদ সমর্থকরা দামেশকে কাতার দূতাবাসে হামলা চালায়। এর পরপরই কাতার দূতাবাস বন্ধ করে।

এদিকে চলতি মাসের ৮ তারিখে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেশকসহ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে বাথ পার্টির ৬১ বছরের শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *