নাইজারের সামরিক সরকার সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার তিন মাসের জন্য স্থগিত করেছে। যোগাযোগমন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ অভিযোগ করেছেন, বিবিসি এমন প্রতিবেদন প্রচার করেছে যা সামাজিক শান্তি বিঘ্নিত করা এবং সৈন্যদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে।

বিবিসি চাটোউমান গ্রামের হামলা নিয়ে দাবি করেছিল, সেখানে ডজনখানেক সেনা ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ জন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন স্থানীয় রেডিও স্টেশনগুলোকে বিবিসির অনুষ্ঠান প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের (আরএফআই) বিরুদ্ধেও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলেছে।

এ ধরনের পদক্ষেপের সমালোচনা হলেও, অনেকেই মনে করেন যে দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। গাজা যুদ্ধের ক্ষেত্রেও দেখা গেছে, ইসরায়েলের বোমা হামলায় হাজার হাজার মানুষ নিহত হলেও, বিবিসি ও অন্যান্য পশ্চিমা গণমাধ্যম ইসরায়েলের দৃষ্টিভঙ্গি প্রচারে বেশি মনোযোগী ছিল এবং গাজার ওপর ইসরায়েলি আক্রমণকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।

বিবিসির নিজস্ব শতাধিক কর্মীও গাজা যুদ্ধের সংবাদ কভারেজে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তারা এক খোলা চিঠিতে উল্লেখ করেছেন, বিবিসির সংবাদগুলো ইসরায়েলের দাবিকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে, যা ফিলিস্তিনিদের অমানবিক পরিস্থিতিকে আরও জটিল করেছে।

গণমাধ্যমের নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা রক্ষার জন্য দায়িত্বজ্ঞানহীন ও পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নাইজারের সামরিক প্রশাসনের বিবিসির সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত এ ধরনের পদক্ষেপের একটি উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *