সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পরও থামছে না সংঘাত। বিদ্রোহীদের সমর্থনে মোহাম্মদ আল বাশির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেও ইসরায়েল সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। গত ৪৮ ঘণ্টায় দেশটিতে ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার কৌশলগত সামরিক লক্ষ্যবস্তু, অস্ত্রের মজুদ এবং অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্থাপনায় আঘাত হেনেছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজও ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতে পরিচালিত হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লাতাকিয়া বন্দরে ইসরায়েলের হামলায় নোঙর করা জাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে বন্দরের ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ অভিযানকে ‘বড় ধরনের সাফল্য’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সিরিয়ার সামরিক সক্ষমতা তাদের রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছিল!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও আল জাজিরার তথ্য অনুযায়ী, সিরিয়ার সামরিক সম্পদ নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এই অভিযান চালিয়েছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *