মিয়ানমারে সংঘাতের জেরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট এবং মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আজ বুধবার ১১ই ডিসেম্বর সকাল থেকে টেকনাফ উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা কার্যকর করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও টেকনাফ রুট বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। দ্বীপের বাসিন্দারা দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন।

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, প্রশাসনের নির্দেশে পর্যটন মৌসুমেও নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন প্রায় ১০ হাজার দ্বীপবাসী এবং ২ হাজার পর্যটকের খাদ্য ও যাতায়াতের প্রধান ভরসা এই রুট। নৌ চলাচল বন্ধ থাকায় দ্রুত খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক প্রশাসনের কাছে বিকল্প পথে খাদ্য সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন হোটেল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম জিহাদি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, মিয়ানমারের রাখাইন এলাকায় আরাকান আর্মির সংঘাত পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী এলাকায় ঝুঁকি বেড়েছে। এজন্য নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প উপায়ে খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *