আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইসিসির একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এই বিষয়টি আলোচনার তালিকায় থাকবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এর আগে অবশ্য আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছিল যে, আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত পাকিস্তানে সফর করবে না। তবে পিসিবি ভারতের ম্যাচ তৃতীয় কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পিসিবি জোর দিয়ে বলছে, পুরো টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানেই অনুষ্ঠিত হতে হবে।

ভারত ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় তারা কেবল আইসিসি আয়োজিত বহুদলীয় টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল ভারতের মাটিতে সব ম্যাচ খেলেছে। তবে গত বছরের এশিয়া কাপের সময় ভারত তাদের ম্যাচ পাকিস্তানের বাইরে খেলেছিল।

পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলগুলোও পাকিস্তানে সফলভাবে সফর করেছে।উল্লেখ্য, ১৯৯৬ সালের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানের মাটিতে প্রথম আইসিসি ইভেন্ট। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান আগামী বছরের আসরের আয়োজন করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *