গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মুবতাসিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকালে গাজীপুর শহরের বোর্ড বাজার এলাকা থেকে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাস নিয়ে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের দিকে যাওয়ার পথে উত্তর পেলাইদ গ্রামের উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, মৃত অবস্থায় তিনজনকেই হাসপাতালে আনা হয়েছে। আহতদের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *