শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পর জনতা ভিমুক্তি পেরুমুনা (জেভিপি) দলের নেত্রী হরিনি অমরসুরিয়াকে প্রধানমন্ত্রীর পদে পুনরায় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। পাশাপাশি তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন।

শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জেভিপি ২২৫টির মধ্যে ১৫৯টি আসনে জয় লাভ করে। হরিনি নিজেও তার আসনে বড় ব্যবধানে জয়ী হন।

এর আগে প্রেসিডেন্ট দিশানায়েক তার দায়িত্বগ্রহণের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে হরিনিকে নিয়োগ দিয়েছিলেন। তবে সেই নিয়োগ নির্বাচনী ফলাফলের ওপর নির্ভরশীল ছিল। এবার নির্বাচনী জয় নিশ্চিত করার পর তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর পদে থাকবেন।

প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, জনগণের প্রতি জবাবদিহিতা ও মানবিকতার ভিত্তিতে আমরা কাজ করব। এই পার্লামেন্টকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। আগামী বৃহস্পতিবার নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে নবগঠিত পার্লামেন্টের কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *