চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেছেন। আজ বুধবার ১৩ই নভেম্বর চসিকের এক আলোচনা সভায় তিনি আলেম সমাজকে আহ্বান জানান, যেন জুমার খুতবায় মুসল্লিদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন। তার মতে, খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণ মসজিদে ডেঙ্গু প্রতিরোধে বার্তা প্রচার করলে জনগণ তা গুরুত্বের সঙ্গে নেবে।

মেয়র আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম এবং আলেম সমাজ এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারেন। একইসঙ্গে টিকা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও আলেমদের সহায়তা চেয়ে তিনি বলেন, চসিকের উদ্যোগে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন এবং কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য টিকা প্রদান করা হচ্ছে।

আলোচনা সভায় এ সময় মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং চট্টগ্রামের আলেম-ওলামাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *