ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ আলেম সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  সংগঠনের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান বলেন, ‘এটি দেশের সার্বভৌমত্ব ও সামাজিক ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ পাশাপাশি তিনি সরকারের প্রতি এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিশিষ্ট লেখক ও ইসলামিক এ্যাক্টিভিস্ট আসিফ আদনান বলেন, ‘এ ধরনের কার্যালয় স্থাপনের বিরোধিতা দেশের সকল নাগরিকের দায়িত্ব।’ কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখানের দাবিতে সরকারের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণাও দেওয়া হয়।

এদিকে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা যাবে না মর্মে হেফাজতে ইসলামও বিবৃতি প্রকাশ করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে বহু মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রভাবাধীন সংস্থা জাতিসংঘের মানবাধিকার সংগঠন। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার নীতির মধ্যে থাকা সমকামিতা ও নারী-পুরুষ সমান অধিকার বিষয়গুলো ইসলাম ও বাংলাদেশের সামাজিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

হেফাজতের বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কার্যকলাপ নিয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের অফিস বাংলাদেশে প্রতিষ্ঠা না করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *