নতুন করে কারাগারে পাঠানো হয়েছে বিখ্যাত দৈনিক পত্রিকা আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। ফ্যসিস্ট সরকারের নির্যাতনে দীর্ঘ সাড়ে ৫ বছর তুরস্কে নির্বাসিত জীবন যাপন করার পর গত ২৭শে সেপ্টেম্বর শুক্রবার দেশে ফিরেন তিনি। তবে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায়, গত রোববার মাহমুদুর রহমান আপিলের শর্তে জামিন চাইতে গেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন নামঞ্জুর করেন এবং নতুন করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী কোন আদালত এক বছরের বেশি সাজা প্রদান করলে তার জামিন আদালত দিতে পারে না। আমরা মহানগর দায়রা জজ আদালতে মাহমুদুর রহমানের জামিনের আবেদন করব।

এদিকে নতুন করে কারাগারে যাওয়ার ব্যাপারে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপন মেরুদণ্ড সোজা রাখতে হয়। যদিও আমার বিরুদ্ধে করা মামলাটি সর্বৈব মিথ্যা। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি মেরুদণ্ড সোজা রাখব। আমি আমার লড়াই চালিয়ে যাবো।

বর্তমানে মাহমুদুর রহমান ডিভিশন সুবিধাসহ কারাগারে রয়েছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ই জুলাই বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান। সৎ ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার জন্য এর পূর্বে ২০১০ এবং ২০১৩ সালেও কারাভোগ করেন তিনি। সাংবাদিকতার পরিচয় ছাড়াও বাংলাদেশের অগ্রণী একজন সফল উদ্যোক্তাও তিনি।

মাহমুদুর রহমানের পুনরায় বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে দেশে সৎ সাংবাদিকতার নতুন পথচলার সূচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *