বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তিকে তীব্র নিন্দা জানান এবং তাতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

বক্তারা দ্রুত ধর্ম অবমাননার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। এছাড়াও সমাবেশে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা অমিত শাহ কর্তৃক বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়ার বিষয়েও তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বিক্ষোভে অংশগ্রহণকারীরা বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের অধীনে দেশের ওলামায়ে কেরাম, সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কওমি সনদের কার্যকারিতা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে জোরালো আওয়াজ তোলেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগরের দিকে অগ্রসর হয়ে দীর্ঘ মিছিল করে। এতে বৃহত্তর ঢাকার যাত্রাবাড়ী, ফরিদাবাদ, রহমানিয়া, বারিধারা, উত্তরা ও মোহাম্মদপুর এলাকার উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *