বাংলাদেশের দেওয়া প্রত্যর্পণ চিঠির ভিত্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

টবি ক্যাডম্যান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়ায় ভারতকে আহ্বান জানিয়েছে। এটি ভারতের সিদ্ধান্ত, তারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে নাকি বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ দেবে। তবে আমি আশা করি, ভারত ন্যায়বিচারের স্বার্থেই পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, শেখ হাসিনা দেশে ফেরার পর বিদ্যমান আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাবেন। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের জটিল মামলার কার্যক্রম সময়সাপেক্ষ এবং এতে তাড়াহুড়া করার সুযোগ নেই।

টবি ক্যাডম্যানের মতে, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই মামলার আইনি কাঠামোকে শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি আইনকে আরও নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালানো হবে।

উল্লেখ্য, লন্ডনভিত্তিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান গত নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিযুক্ত হন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাঁর নিয়োগকে ট্রাইব্যুনালের জন্য ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে আখ্যা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *