যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হচ্ছে বিশাল ভূখণ্ড। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন আতঙ্কিত মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, পানি সরবরাহেও ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিতে ইতালিতে নির্ধারিত সফর বাতিল করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝড়ো বাতাসের কারণে দাবানলের আগুন দ্রুত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে দাবানলের তীব্রতার কাছে এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর মধ্যেই আগুন পৌঁছে গেছে বিখ্যাত হলিউড হিলস এলাকায়।

ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউন এক সংবাদ সম্মেলনে জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি যে, অনেক বাসিন্দাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন অঞ্চলে ছয়টি আলাদা দাবানল দেখা দিয়েছে।

প্যালিসেডসের সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল ইতোমধ্যেই ভয়াবহ দাবানলে বিধ্বস্ত হয়েছে। প্রায় ১৫ হাজার ৮৩২ একর জমি পুড়ে গেছে। এর মধ্যে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুনের তীব্রতা টোপাঙ্গার দিকে আরও বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালালেও আগুনের গতি ও তীব্রতা তাদের প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *