ঝিনাইদহের মহেশপুর উপজ দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ পুনরুদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ সোমবার দুপুরে মাটিলা সীমান্তে কোদলা নদীর তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুশ শহীদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

লেফটেন্যান্ট কর্নেল আজিজুশ শহীদ বলেন, কোদলা নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়লেও এতদিন স্থানীয় বাসিন্দারা এ নদীতে কোনো কাজ করতে পারতেন না। বিএসএফ তাদের মাছ ধরা, গোসল কিংবা প্রয়োজনীয় কাজে বাধা দিত। বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে আলোচনার মাধ্যমে আমরা নদীর এই অংশকে পুনরুদ্ধার করেছি। এখন থেকে স্থানীয়রা এই নদীর সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাসের সঙ্গে নদীতে মাছ ধরছেন এবং গোসল করছেন। স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে আমরা নিয়মিত নদীতে মাছ ধরতে পারব এবং দৈনন্দিন কাজকর্ম করতে পারব। আগে বিএসএফ এসব কাজে বাধা দিত।

কোদলা নদী পুনরুদ্ধারের ফলে সীমান্ত এলাকার মানুষ তাদের নিজস্ব সম্পদের ওপর অধিকার ফিরে পেয়ে আনন্দিত। যা এতদিন ভারতীয়দের দখলে ছিল। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু তাদের জীবনযাত্রাকে সহজ করবে না, বরং সীমান্ত অঞ্চলের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোদলা নদীতে বাংলাদেশের বিজিবির এই সফলতা সীমান্ত এলাকার মানুষের আস্থা বাড়ানোর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *