দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ডিসেম্বরে তারা গাজা উপত্যকায় ১,৪০০-এর বেশি বিমান হামলা চালিয়েছে। গতকাল বুধবার ২রা জানুয়ারি এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়। এসব হামলার উদ্দেশ্য ছিল স্থলবাহিনীর অভিযানে সরাসরি সহায়তা প্রদান করা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজায় ফিল্ডে থাকা সেনাদের সঙ্গে সরাসরি সংযোগ রাখছে আমাদের যুদ্ধবিমান ও ড্রোন পরিচালনা কেন্দ্র। এই সংযোগের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের হুমকি মোকাবেলা করা হচ্ছে। কখনো কখনো এই হামলা স্থলে থাকা সেনাদের কয়েক মিটার দূরেই পরিচালিত হয়েছে।’

তবে গাজায় ইসরায়েলি বাহিনীর এই ব্যাপক হামলা সত্ত্বেও তারা প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে। গাজায় গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকেই এই প্রতিরোধ অব্যাহত রয়েছে।

ইসরায়েলি বাহিনীর হিসাব অনুযায়ী, গাজায় প্রবেশের পর থেকে তাদের ৩৯১ জন সেনা অফিসার নিহত হয়েছে এবং আহত হয়েছে ২,৫২৩ জন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত তাদের মোট ৮২৫ জন সেনা নিহত এবং ৫,৫৬৯ জন আহত হয়েছে।

গত ১৫ মাস ধরে চলমান সংঘর্ষে গাজার পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১,৫৪,০০০ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১১,০০০ জনেরও বেশি এখনো নিখোঁজ। ধ্বংসযজ্ঞের পাশাপাশি দুর্ভিক্ষে বহু শিশু ও বৃদ্ধ মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *