বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ নারী, ১১ পুরুষ এবং ১ শিশুসহ মোট ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর জেলার শার্শার ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটকদের মধ্যে রয়েছে সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮), মোহম্মদ জনি (৩২), কমল প্রমাণিক (২২) এবং আসলাম হোসেন (৩২)।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক ব্যক্তিরা ভালো কাজের আশায় দালালদের প্রলোভনে পড়ে চলতি বছরের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

বুধবার রাতে ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবি ধান্যখোলা ক্যাম্পের টহলদল তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, ভালো কাজের প্রলোভনে যেন কেউ দালালদের খপ্পরে না পড়ে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *