শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, ‘ভারত সরকার সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে।’

বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুরো পরিবারকে আশ্রয় দিয়েছিল। দলাই লামাকে আশ্রয় দিয়ে চীনের মতো শক্তিশালী দেশের হুমকি উপেক্ষা করেছিল। বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের পক্ষে এ ধরনের দাবি হাস্যকর।’

তিনি আরও বলেন, ‘রাফায়েল যুদ্ধবিমানের শব্দেই ওরা পালাবে।’ শুভেন্দু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখানোর ঘটনাও উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তাদের ভবিষ্যৎ গোলাম নিজামীর মতোই হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে, তারা শাস্তি পাবে।’

একই দিনে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। রাজ্য সরকারের এ বিষয়ে কিছু বলার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *