ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয় এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। গতকাল ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ইউনাইটেডের তরুণ তারকা আমাদ দিয়ালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রথমে জোসকো গাভারদিওলের হেডে সিটি ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ইউনাইটেড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ম্যাচের শেষ দুই মিনিটে ইউনাইটেড একের পর এক আক্রমণ চালিয়ে ডার্বির ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে আসে।

দিয়ালো প্রথমে মাথেউস নুনেসের ফাউলে একটি পেনাল্টি আদায় করেন, যা থেকে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ঠাণ্ডা মাথায় গোল করে সমতা ফেরান। এরপর লিসান্দ্রো মার্টিনেজের নিখুঁত লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দিয়ালো এডারসনকে কাটিয়ে খালি জালে দুর্দান্ত এক ভলিতে বল জড়ান।

পুরো ম্যাচে দিয়ালো ছিলেন উজ্জ্বল। তিনি প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি স্পর্শ (১০ বার), সবচেয়ে বেশি শট অন টার্গেট (২টি) এবং পাঁচটি সফল ড্রিবল সম্পন্ন করেন।

ম্যাচের পর ব্রুনো ফার্নান্দেজ আমাদ দিয়ালোর প্রশংসায় বলেন, “সে দুর্দান্ত খেলেছে এবং এখনও তার আরও অনেক কিছু দেয়ার বাকি। সে দেখিয়েছে কেন তাকে ‘অপ্রতিরোধ্য’ বলা যায়। আজ সে দুর্দান্ত ছিল, তবে আমরা চাই সে এমন পারফরম্যান্স প্রতিদিন দেখাক। তার কাজ চালিয়ে যেতে হবে এবং উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

ম্যাচজয়ী তারকা আমাদ দিয়ালো তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা এই ম্যাচ জিততে চেয়েছিলাম। এটি সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা ভালোভাবে চাপ দিয়েছি এবং প্রমাণ করেছি যে, আমরা যে কোনো ম্যাচ জিততে পারি। আজকের জয় আমরা উপভোগ করছি এবং পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে আছি।”

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কেবল সিটির বিপক্ষে জয়ের ধারায় ফিরেই আসেনি, বরং প্রমাণ করেছে দলটি আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে পারে।

সূত্র: ফুটমোব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *