সিরিয়ায় দখলদার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে। বাশার আল আসাদের পতনের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে দখলদার। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ইসরায়েল লাতাকিয়া ও তারতাসের একাধিক স্থানে হামলা চালিয়েছে। তারতাসে ক্ষেপণাস্ত্রের গুদামসহ অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটায় এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনায় আঘাত হানে। লাতাকিয়া, দেইর আজ জোরসহ বিভিন্ন অঞ্চলে রাডার স্থাপনা, সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, গত রোববার থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি বিমান হামলা নথিভুক্ত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ছিল যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, অস্ত্র উৎপাদন কারখানা ও সামরিক যানবাহন।

গত রোববার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ শাম (এইচটিএস) এর নেতৃত্বে বাশার আল আসাদের স্বৈরশাসনের পতন ঘটে। তখন তিনি রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি জানিয়েছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র সুরক্ষিত রাখার পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনী ভেঙে দিয়ে কুখ্যাত কারাগারগুলো বন্ধ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *