বাংলাদেশ থেকে একযোগে প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সুপারিশ বিবেচনায় রেখে কূটনীতিকদের সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বর মাসে কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে (প্রিভিলেজ লিভ অব অ্যাবসেন্স) চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। এছাড়া আরও প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন নিয়োগের কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের ধারায় বিদেশি মিশনে চুক্তি বা প্রেষণে নিয়োজিত অনেকের চুক্তি বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। তবে প্রক্রিয়াটি সক্রিয় রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *