আর্জেন্টাইন তারকা অ্যানহেল ডি মারিয়ার অসাধারণ পারফরম্যান্সে গতকাল মোনাকোর বিপক্ষে নাটকীয় কামব্যাক করেছে বেনফিকা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জোড়া হেডে ২-৩ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগিজ জায়ান্টরা।

গতকাল অনুষ্ঠিত এই ম্যাচের ১৩তম মিনিটে আলেকজান্ডার গোলোভিনের পাস থেকে দুর্দান্ত এক ফিনিশে গোল করে মোনাকোকে এগিয়ে দেন এলিয়েস বেন সেগির।

তবে প্রথমার্ধে আক্রমণাত্মক খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বেনফিকা। ৩৭তম মিনিটে ডি মারিয়ার শট রুখে দেন মোনাকোর গোলরক্ষক রাদোসলাভ মাজেকি। আর কর্নার থেকে বলে নিকোলাস ওটামেন্ডির হেডটা পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোনাকোর ব্রিল এমবোলোর শট পোস্টে লেগে ফিরে এলে স্কোর বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়। এরই ফাঁকে মোনাকোর ডিফেন্ডারদের ভুলে বল কেড়ে নিয়ে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ভ্যানগেলিস পাভলিডিস।

এরপর দুই দলই গোল করলেও তা ভিএআর চেকের পর অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু ৫৯তম মিনিটে মোনাকোর উইলফ্রিড সিঙ্গো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

৬৭তম মিনিটে মোনাকোর জন্য স্বস্তি নিয়ে আসেন সুঙ্গুতু ম্যাগাসা। ক্রিশ্চিয়ান মাভিসার পাস থেকে নিচু শটে গোল করে মোনাকোর লিড পুনরুদ্ধার করেন এই তরুণ।

কিন্তু শেষ সময়ে সবকিছু বদলে দেন ডি মারিয়া। ৮৪তম মিনিটে তাঁর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন আর্থার কাবরাল। এরপর ৮৮তম মিনিটে ডি মারিয়ার আরেকটি দারুণ ক্রস থেকে জেকি এমডাউনি হেডে ম্যাচের জয়সূচক গোলটি করেন।

নাটকীয় এই জয়ে মোনাকোর চলতি মৌসুমে টানা চার ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট অর্জন করল বেনফিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *