ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে— সোমবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই আশাবাদ প্রকাশ করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাগুলো ইতিবাচক দিকেই এগোচ্ছে। লেবাননের একটি সূত্র বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইমানুয়েল ম্যাক্রোঁ ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। আলোচনাগুলো ফলপ্রসূ। তবে সব সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত হবে না।’ কিরবি সংবাদের নিশ্চয়তার বিষয়ে সতর্ক করে বলেন , প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ‘যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এক্ষেত্রে আমরা মার্কিন অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো এই সুযোগ যথাযথভাবে কাজে লাগাবে।’

সূত্র অনুযায়ী, ‘লেবাননের স্পিকার নাবি বেরি মার্কিন দূত আমোস হকস্টেইনের কাছ থেকে একটি কল পেয়েছেন। তাদের মাঝে চুক্তি ঘোষণার পদ্ধতি নিয়ে আলোচনা হয়। যুদ্ধবিরতির ঘোষণা ওয়াশিংটন ও প্যারিস থেকে একযোগে আসবে। এরপর ইসরায়েল ও লেবাননের সরকার তা অনুমোদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *