বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের স্বঘোষিত আমির বিতর্কিত ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা সাদ কান্ধলভি বাংলাদেশে আসতে চাইলে ঢাকায় অচলাবস্থা সৃষ্টি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। আজ মঙ্গলবার ১২ই নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওলামা মাশায়েখ এ সতর্কবার্তা দেন। ‘দাওয়াত ও তাবলীগের হেফাজত’ নামক এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ বাংলাদেশ জানায়, তাদের লক্ষ্য ধর্মীয় ঐক্য রক্ষা এবং অশান্তি এড়ানো।

সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর করিম কাসেমী সাংবাদিকদের জানান, মাওলানা সাদের ১৫ই নভেম্বর ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কাকরাইল মসজিদে তাকে প্রতিহত করার প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি বলেন, ‘মাওলানা সাদ তার ধর্মীয় অপব্যাখ্যা থেকে সরে এসে তওবা করলে তাবলিগ জামাতের পক্ষ থেকে তার সঙ্গে এক হতে আর কোনো আপত্তি থাকবে না।’

মাওলানা ফজলুল করিম আরও বলেন, ‘নব স্বাধীনতা অর্জনে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে শান্তি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।’

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ পর্যায়ের আলেমরা জানান, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান, তবে কোনো ধরনের উস্কানি দেয়া হলে তার জন্য দায়ী থাকবে সাদপন্থী পক্ষ। সংঘর্ষ এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এদিকে গত ৯ই নভেম্বর এক ভিডিও বার্তায় কাকরাইল মসজিদের সাদপন্থী ইমাম মুফতী আজিমুদ্দিন আহ্বান জানিয়েছেন, ১৫ নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্ররা যেন কাকরাইল মসজিদে না আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *