রিয়াল মাদ্রিদ আর কামব্যাক—দুটো যেন একই সুতোয় গাঁথা। হওয়ারই কথা। নাহলে তো আর এমনি এমনিই তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্লাবের তকমা পায়নি। ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব তারা। সর্বাধিক (১৫টি) শিরোপাও তাদেরই দখলে। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার বিচারে তাদের ধারেকাছেও কেউ নেই। এই যখন ক্লাবের পরিসংখ্যান তখন তাদের কাছে ভক্তদের প্রত্যাশাও থাকে বেশি।

গত দুই ম্যাচ ঘরের মাঠে হেরে কিছুটা চাপেই ছিল রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যাওয়া, তাও আবার বার্নাব্যুতে—ব্যাপারটা মোটেও মানতে পারছিল না রিয়াল সমর্থকেরা। তবে ক্লাবটা যেহেতু রিয়াল মাদ্রিদ, তাই কামব্যাকও তাদের চিরাচরিত অভ্যাস। কামব্যাক তারা করবেই। সেই আশাতেই বুক বেঁধে ছিল সমর্থকেরা।

খুব বেশি সময় লাগলো না। রিয়াল মাদ্রিদ কামব্যাক করলো। গতকাল লা-লিগার ম্যাচে প্রতিপক্ষ ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো তারা। ম্যাচজয়ের নায়ক সেই ভিনিশিয়াস। ক্লাবের দুর্দিনে দুর্দান্ত হ্যাটট্রিক করে জয় এনে দিলেন তিনি। উল্লেখ্য, গত দুই ম্যাচ আগেও ডর্টমুন্ডের সাথে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই কালো-মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *