পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সাগর থেকে ধরা পড়া ১০২ মণ ইলিশ নিয়ে ফিরে এসেছে একটি মাছ ধরার ট্রলার। বিরল এ ঘটনা দেখতে বন্দরের চারপাশে ভিড় জমায় স্থানীয় জেলে ও অন্যান্য মানুষজন। এ ঘটনায় আনন্দিত জেলে ও ট্রলারের মালিকপক্ষ।

গত ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে মাছগুলো আলীপুরের মেসার্স কামাল ফিস নামক আড়তে বিক্রির জন্য নেওয়া হয়। ডাকের মাধ্যমে মাছগুলোর বিক্রয়মূল্য নির্ধারণ হয় ১৯ লাখ ২০ হাজার ৩০০ টাকা। জানা যায়, মাছগুলো মূলত গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুয়াকাটার দক্ষিণ-পূর্ব দিকের ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে।

সূত্র জানায়, এফ.বি. নাহিদা আক্তার নামের ট্রলারটি গত ১৬ সেপ্টেম্বর আলীপুর ঘাট থেকে সমুদ্রে যাত্রা করে। কিন্তু তিন দিন যাবৎ বিভিন্ন স্থানে জাল ফেলেও কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাচ্ছিলেন না জেলেরা। অবশেষে, বৃহস্পতিবার জাল ফেলতেই ধরা পড়ে ১০২ মণ ইলিশ। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এনে তিনটি ভিন্ন ভিন্ন সাইজে ভাগ করা হয়।

এ ব্যাপারে ট্রলারটির মালিক আব্দুল মান্নান ব্যাপারী বলেন,‘৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হয় ২৫ হাজার টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হয় ২০ হাজার টাকায়, এবং ছোট সাইজের ইলিশ প্রতি মণ ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সবমিলিয়ে ইলিশ বিক্রি থেকে মোট ১৯ লাখ ২০ হাজার ৩০০ টাকা আয় হয়। তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে সমুদ্রে মাছ ধরা কমে গেছে। তার উপর বৈরি আবহাওয়ার কারণে সঠিকভাবে সমুদ্রে নামাও সম্ভব হচ্ছিল না। অনেকদিন ধরেই আমাদের লোকসানের মুখে পড়তে হচ্ছিল। তবে, এবারের মাছ বিক্রি দিয়ে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *