প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে চলতি মাসের শুরু থেকেই ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৬ কোটি টাকার সমান। অর্থনীতিবিদরা আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স আসছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বৈধপথে ডলারের মূল্য বৃদ্ধির ফলে প্রবাসীরা হুন্ডির চেয়ে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রতি বেশি আগ্রহী হচ্ছেন। এছাড়া প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিও এই প্রবাহকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে।

উল্ল্যখ্য, গত আগস্ট মাসেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে এসেছে ২২২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ কোটি ডলার বেশি। গত বছরের আগস্টে এই পরিমাণ ছিল প্রায় ১৬০ কোটি ডলার।

চলতি অর্থবছরের শুরুতে, জুলাই মাসে দেশে এসেছে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স। এর আগে জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার। যা ছিল বছরের সর্বোচ্চ। মে মাসে এসেছিল ২২৫ কোটি ডলার। আর এপ্রিলে ২০৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। বিশ্লেষকরা মনে করছেন, বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ার এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *