ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ।

আটক দুই যুবক হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, সীমান্ত পিলারের কাছাকাছি গিয়ে বিএসএফ সদস্যদের হাতে আটক হন তারা। বিষয়টি নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

স্থানীয় সূত্র জানায়, সকালে আব্দুল হামিদ ও ইব্রাহিম সীমান্ত এলাকার মূল পিলারের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী ৫০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমে আটক যুবকদের ফেরত আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *