যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ শেষ হলে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। তিনি এমন সময় এ ঘোষণা দিলেন, যখন ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে তাদের জমি দখলের পরিকল্পনা করেছেন।

ট্রাম্প দাবি করেন, তার পরিকল্পনার ফলে ফিলিস্তিনিরা আরও সুখী জীবন পাবে এবং তারা নতুন ও আধুনিক বাড়িঘরসহ নিরাপদ ও সুন্দর কমিউনিটিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, তাদের জন্য সুখী, নিরাপদ ও স্বাধীন থাকার সুযোগ থাকবে। তবে ফিলিস্তিনিরা এ পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে নিজেদের ভূমি দখলের ষড়যন্ত্র হিসেবে দেখছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে গাজায় এমন একটি উন্নয়ন প্রকল্প চালু করবে, যা পৃথিবীর অন্যতম সেরা ও চমৎকার প্রকল্প হিসেবে পরিণত হবে।

ট্রাম্প দাবি করেন, এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে এবং যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। তবে তিনি কীভাবে এই স্থিতিশীলতা নিশ্চিত করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা তার রয়েছে। এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত ২৫ জানুয়ারি থেকে ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিসর ও জর্ডানের মতো দেশগুলোতে পাঠানোর প্রস্তাব দিয়ে আসছেন। তবে মিসর ও জর্ডান ছাড়াও বেশ কয়েকটি আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *